সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার ও ৪ প্রতিষ্ঠানে ঢেউটিন, অর্থ ও খাদ্য বিতরণ
নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত ২০ টি অসহায় পরিবার ও ৪ টি প্রতিষ্ঠানের মাঝে ৩৩ বান্ডিল নতুন ঢেউটিন, নগদ ৯৯ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব উপকরণের মধ্যে ২০ পরিবারের মাঝে ২৮ বান্ডিল এবং দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একইসাথে ঘর মেরামত বাবদ প্রত্যেক বান্ডিল ঢেউটিন প্রতি নগদ তিন হাজার করে মোট ৯৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা।
এছাড়া তাদের প্রত্যেককে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সুত্র জানায়, সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে কামারপুকুর ইউনিয়নে একটি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে একটি, বাঙালিপুর ইউনিয়নে ১৫ টি পরিবার,একটি মসজিদ ও একটি মাদরাসা ও পৌর এলাকায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তাদের তালিকা প্রণয়নের পর ওইসব ঢেউটিন ও নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওইসব ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
What's Your Reaction?