স্বাস্থ্য খাতে অর্থায়নে জোরালো সহযোগিতায় একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

Nov 27, 2026 - 21:13
 0
স্বাস্থ্য খাতে অর্থায়নে জোরালো সহযোগিতায় একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন, নিজ পকেট থেকে চিকিৎসা ব্যয় কমানো এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জুম প্ল্যাটফর্মে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে ইন্দোনেশিয়ার পক্ষে আরও অংশ নেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় চিকিৎসাব্যয়ে আর্থিক বিপর্যয় রোধ এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরে ড. এসএম জিয়াউদ্দিন হায়দার জানান, অর্থের অভাবে যেন কেউ সেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসা ব্যয়ে কোনো পরিবার যেন দারিদ্র্যের কবলে না পড়ে, সে লক্ষ্যে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতিগুলো কাজে লাগানোর সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক ও কাঠামোবদ্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময় প্রক্রিয়া সূচনার বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে উভয় দেশ স্বাস্থ্য খাতের সফল উদ্যোগ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারবে। বিশেষ করে, টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা প্রবর্তন এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য যথাযথ আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার এই উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow