ফেসবুকের ভূয়া পেজে অপপ্রচারের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

Nov 14, 2026 - 18:58
 0
ফেসবুকের ভূয়া পেজে অপপ্রচারের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ
প্রতিকী ছবি

নীলফামারী জেলা প্রতিনিধি : সামাজিক  যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে নীলফামারীর সৈয়দপুরে এক ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসারের (এমপিও) বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শাহিন (৩৭)। আর এ ঘটনায় সচেতন মহল অভিযুক্ত ফেসবুক আইডি ও পেজগুলোর বিরুদ্ধে শক্ত আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহিন সৈয়দপুরে নিওভেন্টা ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। গেল ৭ অক্টোবর  রাত প্রায় ১২টায় ‘সৈয়দপুর নিউজ, হ্যালো সৈয়দপুর ও সৈয়দপুর ক্রাইম নিউজ গ্রুপ  নামের ফেসবুক গ্রুপ ও পেজে তাঁর বিরুদ্ধে  মিথ্যা ও উদ্দেশ্যমুলক তথ্য প্রকাশ করা হয়। ওইসব পোস্টে তাঁর বিরুদ্ধে টাপেন্টাডল ও মাদকদ্রব্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপপ্রচার চালানো হয়েছে। পরে একইভাবে গত ৩০ অক্টোবর একই ফেসবুক পেজ থেকে তাঁর বিরুদ্ধে অনুরূপ ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। এতে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করেছেন ভুক্তভোগী। 

অভিযোগকারী শাহিন জানান, ‘সৈয়দপুর নিউজ’, ‘সৈয়দপুর ক্রাইম’সহ বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ ও পেজ ব্যবহার করে তাঁকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। শুধু তিনিই নন, এ ধরনের অপপ্রচারের শিকার আরও অনেকে রয়েছেন বলেও দাবি তাঁর।  তিনি বলেন, ওইসব পেজের মাধ্যমে বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে দুষ্টু চক্র ফায়দা হাসিল করে যাচ্ছে। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলোর আড়ালে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ব্যাপারে বিশিষ্টজনেরা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া পেজ খুলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব পেজকে চিহৃিত করে এরসাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার সাথে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি মেডিকেল প্রমোশন অফিসার মো. শাহীনের করা অভিযোগটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠানো হয়েছে। খুব শিগগির জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow