খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবতাবাদী ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করেছেন। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের প্রবর্তনসহ শিক্ষা ক্ষেত্রে তাঁর নানা সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
মূল প্রবন্ধে তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন এক কালজয়ী ব্যক্তিত্ব। তাঁর বহুমুখী কর্মের সুফল আজও আধুনিক শিক্ষাব্যবস্থা ও সমাজে দৃশ্যমান। বঙ্গীয় মুসলিম সমাজে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার ভিত্তি নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। এ ছাড়া সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদগ্ধ মহলে স্বীকৃত হলেও নিজ জন্মভূমি সাতক্ষীরায় নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও অবদান যথাযথভাবে পরিচিত নয়। তাঁকে শুধু আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে নয়, শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত হিসেবেও তুলে ধরতে হবে।
তাঁর অবদানের যথাযথ স্বীকৃতি এবং নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম পৌঁছে দিতে সাতক্ষীরায় তাঁর নামে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
What's Your Reaction?