আহ্ছানিয়া দর্শন ও জীবনবোধ তুলে ধরে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : আহ্ছানিয়া দর্শন, জীবনধারা ও মানবকল্যাণের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ শীর্ষক বুকলেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি ও চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের যৌথ আয়োজনে অনলাইনে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ। বুকলেটটির বিষয়বস্তু ও তাৎপর্য তুলে ধরেন চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য ড. কাজী এহছানুর রহমান। পরে ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে বুকলেটটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক এবং চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম ওয়ারেশ মুক্তা। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি ডা. মুহাম্মাদ খলিলুল্লাহর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির কাউন্সিল সদস্য ডা. নায়লা পারভিন। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তায়েব আবু আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম ওয়ারেশ মুক্তা।
বক্তারা বলেন, ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেটটি আহ্ছানিয়া জীবনধারা, তরীকা ও মিশনের আদর্শকে সমন্বিতভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে পাঠকেরা আহ্ছানিয়া দর্শন, নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণের চেতনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
তাঁরা আরও বলেন, আহ্ছানিয়া মিশনের আদর্শ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে এ প্রকাশনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।
অনুষ্ঠানের মাধ্যমে বুকলেটটি অনলাইনে পাঠক ও আগ্রহী ব্যক্তিদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
What's Your Reaction?