নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার বাজেট ঘোষণা
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত সুধি সমাবেশে ওই বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। কোন কর না বাড়িয়ে পৌর এলাকার উন্নয়নে বরাদ্দ বেশি রেখে বাজেট ঘোষণা করেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা।
রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৭২ লাখ টাকা।
বাস টার্মিনাল, রাস্তাঘাট,ড্রেন নির্মাণ, সড়ক বাতি স্থাপন, নবনির্মিত সুপার মার্কেটের উর্দ্ধমূখী সম্প্রসারণ, বহুমূখী মার্কেট ও কিচেন মার্কেট নির্মাণ, জলবায়ু পরিবর্তন জনিত কারণে সোলার লাইট ও ডাস্টবিন স্থাপন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৮০ লাখ টাকা।
বাজেটে সবমিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা।
পৌর কর্মকর্তা আকমল সরকার রাজুর সঞ্চালনায় বাজেট ঘোষণা উপলক্ষে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী,,সাবেক পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, জোবায়দুল ইসলাম মিন্টু, সৈয়দ মঞ্জুর আলম, ব্যবসায়ী নেতা বাবুল সরকার, হাজী ইমতেয়াজসহ সাংবাদিক ও অন্যান্য সুধিবৃন্দ। এছাড়া পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, মাসুম সাজ্জাদ হিসাবরক্ষক আবু তাহের, পৌরসভা কর্মচারী ইউনিয়নের নেতা সুজন শাহ, মোকছেদ আলী প্রমুখ।
জানতে চাইলে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,গত জুনে আভ্যন্তরীণভাবে খসড়া বাজেট ঘোষণা করা হয়। পরে খসড়া বাজেট নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও পর্যালোচনা শেষে সংযোজন বিযোজন করা হয়। বৃহস্পতিবার ঘোষনা করা হয় চূড়ান্ত বাজেট।
What's Your Reaction?