শ্যামনগরে মানব পাচার ও চোরাচালানের অভিযোগে দুইজন আটক
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মানব পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিঞ্চি খালের গোড়ায় অবস্থিত একটি দোকান থেকে তাদের আটক করা হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার সাহেদখালী গ্রামের মো. আইজুল (৩৮) ও মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের সময় তারা বিতর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সীমান্ত পারাপারের বিষয়ে সলাপরামর্শ করছিলেন। তারা দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?