কাল রংপুরে আসছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে প্রস্তুত সৈয়দপুর বিএনপি
মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সৈয়দপুরসহ নীলফামারী জেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি সরকার গঠণের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রংপুর বিভাগে এটি তাঁর দ্বিতীয় সফর।
রংপুরের উদ্দেশ্যে সৈয়দপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা,সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান কাল মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরের অবতরণ করবেন। এরপর সড়ক পথে রংপুর যাবেন এবং রংপুর শহরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পুজামন্ডপ পরিদর্শন করবেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর দুপুর সাড়ে ১২ টায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে একই বিমানে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর রংপুরে যাত্রা এবং প্রস্থানের সময় বিমানবন্দর সড়কের সিএসডি মোড় থেকে উপজেলা পরিষদ হয়ে সৈয়দপুর - পার্বতীপুর সড়ক এবং সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজার ব্রীজ পর্যন্ত সড়কের দুই পাশে ৪ কিলোমিটার পথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষজন সারিবদ্ধভাবে অবস্থান করবেন। এ সময় ছবি যুক্ত ব্যানার, ধানেরশীষ ও ফুল প্রদর্শন করে প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হবে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে সৈয়দপুরের শেষ সীমানা কামারপুকুরের চিকলী ব্রীজ পর্যন্ত সড়কের উভয় পাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা ধরণের ব্যানার শোভা পাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনে গত দুইদিন থেকে সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে ওই মিছিল বের করা হয়। এতে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এ ব্যাপারে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে তাঁকে স্বাগত জানাতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সভা করে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু দলীয় নেতাকর্মীই নয় সৈয়দপুরবাসী এখন প্রধানমন্ত্রী আগমনের প্রহর গুনছেন ।
তারা আরও বলেন, দলীয়ভাবে আমরা প্রধানমন্ত্রীর যাত্রা ও প্রস্থান পথের দুই পাশে শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে প্রিয় নিতাকে স্বাগত জানাবো। স্লোগান আর গানের সুরে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হবে। এই কর্মসূচি সফল করতে দলীয় পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
What's Your Reaction?