সৈয়দপুরে যুবদলের প্রস্তুতি সভা, আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে রাজপথে থাকবে যুবদল
নীলফামারী জেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তাদের দোসরদের যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় যুবদল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। বিএনপির নেতৃত্বে সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মী জনগনকে সাথে নিয়ে রাজপথে থাকবে। তাদের কোন অপচেষ্টাই সফল হতে দেওয়া হবেনা। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় যুবদলের সকলস্তরের নেতাকর্মী ওই ঘোষণা দেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সৈয়দপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বতস্ফুর্তভাবে ওই ঘোষনা আসে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল আয়োজিত ২৯ ও ৩০ নভেম্বরের সমাবেশ ও মিছিল সফলে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলেের কেন্দ্রীয় সদস্য (সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা) এ্যাড. রাজিব আহসান চৌধুরী (পাপ্পু)।
জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ ছিলেন আয়োজিত সভার সভা প্রধান। যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু ও সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্র ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি পালনে সার্বক্ষণিক রাজপথে থেকে আওয়ামী ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গিকারে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, সৈয়দ নাদিম রেজা, আব্দুস সাত্তার বকুল, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহ্ফুজ রেজা, সদস্য সচিব মোস্তফা কামাল, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ। সভায় জেলা,উপজেলা, পৌর, ইউনিয়ন যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু বলেন, ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা বিদায় করেছি। এখন আবার সেই পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দিবেনা যুবদল। তিনি বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আওয়ামী ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে রয়েছে। যেখানেই আওয়ামী লীগের ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিরোধের ঢাল হিসেবে থাকবে যুবদল। তিনি দেশ ও জনগনের শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এরআগে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন যুবদলের কেন্দ্রীয় সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) এ্যাড. রাজিব আহসান চৌধুরী (পাপ্পু)। শুক্রবার (২৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে শহরের হাতিখানা কবরস্থানে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে কবর জিয়ারত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু প্রমুখ।
What's Your Reaction?