প্রধানমন্ত্রীকে চমকে দিল ‘জাইমা’

Oct 6, 2026 - 16:56
Oct 6, 2026 - 17:03
 0
প্রধানমন্ত্রীকে চমকে দিল ‘জাইমা’
শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস অনুষ্ঠানে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডেস্ক : ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাইমা’- শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এভাবেই নিজের পরিচয় দিয়ে চমকে দেয় এক ক্ষুদে শিক্ষার্থী। প্রটোকলের আনুষ্ঠানিকতা ভুলে শিশুটির সরল ও সাবলীল কথায় হাসিমুখে সাড়া দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত শিশুদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৫০ শিশু তাকে বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে জাইমা নামের ওই শিশু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাহসিকতার সঙ্গে নিজের পরিচয় দেয়। তার সরলতায় প্রধানমন্ত্রী প্রথমে কিছুটা চমকে গেলেও পরে হাসিমুখে শিশুটির সঙ্গে কথা বলেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। পরে বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন। পরে একই ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন তিনি।

সূত্র: কালবেলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow