গাদন খেলার রেফারির সিদ্ধান্ত নিয়ে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে গাদন খেলার রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দর্শক ও আয়োজক কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬ চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে মাঠের বাইরে থাকা এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিস্থিতি শান্ত করতে আয়োজকদের সঙ্গে কথা বলতে মাঠে যান। এ সময় টুর্নামেন্ট আয়োজক কমিটির সহসভাপতি আবু জাফর মোল্লার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে আয়োজক কমিটির কয়েকজন সদস্য মঞ্চ থেকে নেমে দর্শক ও স্থানীয়দের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
রইচপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাহ সিয়ামের অভিযোগ, আয়োজক কমিটির সদস্যরা চেয়ার ও কিল-ঘুষি দিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছাড়াও তিনি, বোরহান, মাহবুবার, কিবরিয়া ও ইমরান হোসেন আহত হন। তাঁদের মধ্যে বোরহান ও মাহবুবার বেশি আঘাত পেয়েছেন। হামলা থামাতে গিয়েও কয়েকজন মারধরের শিকার হন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা বোরহান।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেন, রেফারির সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত করতে তিনি কয়েকবার আয়োজক কমিটির সদস্যদের মাঠে গিয়ে বিষয়টি মীমাংসার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কমিটির লোকজন তাঁর ওপর চড়াও হন। পরে তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা স্থানীয়দেরও মারধর করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আয়োজক কমিটির সহসভাপতি আবু জাফর মোল্লা বলেন, খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত ও কথা-কাটাকাটি নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি এবং ঠেলাঠেলি হয়েছে। বড় ধরনের কোনো মারামারি হয়নি। বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করা হবে।
আয়োজক কমিটির সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন হোসেন বলেন, গণ্ডগোলের ঘটনায় উভয় পক্ষেরই দোষ রয়েছে। কমিটির লোকজন মঞ্চ থেকে নিচে নেমেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা থাকলেও পরে তা আর হয়নি। এ বিষয়ে বেশি লেখালেখির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পাঁচানির ঘটনাটি তাঁর জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?