প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

Oct 17, 2026 - 19:26
 0
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : একইদিনে তিনটি বিভাগীয় শহরে সফরের অংশ হিসেবে ২০ অক্টোবর রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন।বিএনপি সরকার গঠণের পর রংপুর বিভাগে এটি তাঁর দ্বিতীয় সফর। 

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সৈয়দপুরসহ আশেপাশের সকল জেলা উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। তাঁর এই সফরকে সফল করতে জেলা - উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ডাকে যৌথসভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে সার্বিকভাবে সফল করতে দলের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, বজলার রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, হাফিজ খান, পৌর বিএনপির সভাপতি হাজী রশিদুল হক সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সভায় প্রধানমন্ত্রীর সৈয়দপুর হয়ে রংপুর সফর সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতে আলোচনা করা হয়। একইসাথে সফরকে ঘিরে সকলের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৈয়দপুর জেলা বিএনপির সুত্র জানায়, ২০ অক্টোবর সকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর শেষ না হওয়া পর্যন্ত দলের সকল নেতাকর্মীকে নির্ধারিত বিভিন্নস্থানে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি থেকে জানা গেছে ২০ অক্টোবর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। পরে তিনি সড়ক পথে রংপুরে যাবেন এবং রংপুর বিভাগীয় শহরের রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দুপুর সাড়ে ১২ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী সফর করবেন। সেখানে  পূজামন্ডপ পরিদর্শন ও সমাবেশ শেষে বিকেল সোয়া ৪ টায় একই বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে  ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, বিএনপি সরকার গঠণের পর রংপুর বিভাগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি দ্বিতীয় সফর। এরআগে গত ১৬ মার্চ দিনাজপুর সফরে আসেন তিনি। এবিষয়ে সাধারণ জনতার মন্তব্য আমরা রংপুর বিভাগের লোকজন খুবই আনন্দিত। কারণ সরকার গঠণের পর ৮ মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দ্বিতীয় বার রংপুর বিভাগে আসছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow