সৈয়দপুরে ৮৮ মন্ডপে উৎসবের আমেজে দুর্গাপূজা শুরু

Oct 17, 2026 - 18:42
 0
সৈয়দপুরে ৮৮ মন্ডপে উৎসবের আমেজে দুর্গাপূজা শুরু

মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : পৃথিবীর সকল অশান্তি দুর করাসহ শান্তির বার্তা নিয়ে মা দুর্গা এবার পিত্রালয়ে আসবেন ঘোড়ায় চড়ে। তার আগমনকে ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা, মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। উৎসবের আমেজে জাকজমকভাবে শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ছয়দিনের এ আমেজ শেষ হবে আগামি ২১ অক্টোবর। ওইদিন মণ্ডপে মন্ডপে দেখা যায় দর্শনার্থীদের আগমনে সাজ সাজ রব। পূজা অর্চনায় ব্যস্ত নারী পুরুষ। দর্শনার্থীসহ অতিথিদের মাঝে বিতরণ করা হচ্ছে প্রসাদ ও নানা ধরণের মিষ্টান্ন। ২১ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের দুর্গাপূজা। 

বরাবরের মত এবারও সৈয়দপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বিভাগগুলোর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া নিয়েছে।

এছাড়া বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা হিন্দু ধর্মাবলম্বীরা যাতে  তাদের উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেজন্য উপজেলার প্রতিটি মন্ডপে বাড়তি দায়িত্ব পালন করছেন। যাতে কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। গঠণ করা হয়েছে সম্প্রীতি কমিটি। বিএনপির পক্ষ থেকে দলের সকল অঙ্গ সহযোগী নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোতে অবস্থান করে তাদেরকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজামন্ডপগুলোতে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। উপজেলা প্রশাসন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা, সৈয়দপুর উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদ এবং হিন্দু কল্যাণ সমিতির দেওয়া তথ্যে জানা গেছে এবারে সৈয়দপুর উপজেলায় ৮৮ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। বরাবরের মতো এবারও নিরাপত্তা প্রদানে পূজামন্ডপগুলোতে পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি) এর  টীমও টহল দিচ্ছে মন্ডপগুলোতে। এছাড়া উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে ৫৬২ জন আনসার ও ভিডিপির সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। এদিকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সহায়তার জন্য ৮৮ টি মন্ডপের জন্য বরাদ্দ হওয়া সাড়ে ৫২. ৮০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা ও থানা প্রশাসনের সূত্র জানায়, এবার সৈয়দপুর উপজেলা ৮৮ টি পূজামন্ডপের মধ্যে ১৬ টি স্থাপন করা হয়েছে সৈয়দপুর পৌর এলাকায়। বাকি ৭২টি পূজামণ্ডপ স্থাপন হয়েছে উপজেলার ৫ টি ইউনিয়নে। এসবের মধ্যে কামারপুকুরে ৮টি, কাশিরাম বেলপুকুরে ১২ টি, বাঙ্গালীপুরে ১০টি, বোতলাগাড়ীতে ৩০টি ও খাতামধুপুর ইউনিয়নে ১২ টি পূজা মন্ডপ রয়েছে। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান,এসব পুজা মন্ডপে ৩৮৬ জন পুরুষ ও ১৭৬ জন নারী আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ৫৬২ জন দায়িত্ব পালন করবেন। এসব মণ্ডপে লোক সমাগম এবং গুরুত্ব অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ পূজামন্ডপে পুলিশী টহলের পাশাপাশি ২ মহিলাসহ ৮ জন আনসার ও ভিডিপি সদস্য, গুরুত্বপূর্ণ ও সাধারণ মন্ডপে ২ মহিলাসহ ৬ জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছে। তিনি বলেন, ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য তিনি নিজেও সার্বক্ষণিক তদারকি করছেন, বলেন তিনি।

এদিকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের মন্ডপে মন্ডপে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। দল দুটির নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা প্রতিটি পূজা মন্ডপে দায়িত্ব পালন করছেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ মন্ডপগুলো পরিদর্শন করছেন। এসময় মন্ডপের সংশ্লিষ্টদের সাথে কথা বলে উৎসবের পূজা শেষ না হওয়া পর্যন্ত সবধরনের সহযোগিতার জন্য তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। 

অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা, সৈয়দপুর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনন্দ নির্বিঘ্ন করতে মন্ডপে মন্ডপে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারে উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপ স্থাপন করা হয়েছে শহীদ টিআর রোডে (তুলশীরাম সড়কে)।
প্রতিটি পূজামন্ডপে বর্ণিল আলোক মালায় সজ্জিত করা হয়েছে। রঙিন আলোর ঝলকানিতে গোটা এলাকা আলোকিত হয়ে উঠেছে। মন্ডপ এলাকায় বসেছে হরেকরকমের খেলনা ও মিস্টির দোকান।

সৈয়দপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক এবং সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি জানান, দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণ করতে তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এ প্রসঙ্গে তারা বলেন আমরা সম্প্রতির বন্ধনে আবদ্ধ। কোন অপশক্তি আমাদের বন্ধনে ফাটল ধরাতে পারবে না। বিএনপিসহ জামায়াতে ইসলামী, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শারদীয় দুর্গোৎসবে যে সহযোগিতা করে যাচ্ছে তাতে আমরা ধন্য। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, শারদীয়  দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের সবধরনের প্রস্তুতি রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দেওয়াসহ টহল টীমও থাকছে তাদের। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অপরদিকে প্রতিবারের মতো এবারও আরেকটি দৃষ্টিনন্দন পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে কামারপুকুর ইউনিয়নে। ওই ইউনিয়নের কলাবাগান এলাকায় রানু এগ্রো ইন্ডাস্ট্রির অভ্যন্তরে স্থাপন করা হয়েছে এটি। প্রতিষ্ঠানটির পরিচালক সুশান্ত কুমার জানান, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মিত পূজামণ্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা অর্চনা করতে পারে সেজন্য রয়েছে সার্বিক ব্যবস্থা। মন্ডপ এলাকার আশেপাশে বসেছে হরেকরকমের দোকান। রঙিন আলোর ঝলকানিতে গোটা এলাকা আলোকিত হয়ে উঠেছে। পূজা উদযাপনে সহযোগিতা পাচ্ছেন বলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তিনি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে  শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow