দেবহাটার বোয়ালমারী খাল কাটা উদ্বোধন সাতক্ষীরা জেলা প্রশাসক
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, খাল কাটা প্রকল্প প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরনে ব্যাপক ভূমিকা রাখে। জেলা প্রশাসক বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই দেশব্যাপী খাল কাটা কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি এই বোয়ালমারী খালসহ জেলার একাধিক খাল কাটা হবে বলে জানান। জেলা প্রশাসক খাল কাটা বাস্তবায়নে নিযোজিত কর্মকর্তাদের স্কেচ ম্যাপের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দেন এবং এলাকার সকলকে এই কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
দেবহাটার আজিজপুর গ্রামে বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর ১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, খালটি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫২ লক্ষ টাকা বরাদ্দে ২ কিলোমিটার খনন করা হবে।
What's Your Reaction?