সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ কৱছে হাওরে
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল রাতেই এ বাঁধটি ভেঙ্গে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে এই বাঁধে পিআইসি কমিটির মাধ্যমে কোনো কাজ না হওয়ায় বাঁধটি দুর্বল হয়ে পড়ে। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন ভাঙনের ঘটনা ঘটেছে বলে দাবি করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
এদিকে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হলে ভোর থেকেই স্থানীয় শত শত কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। দিনভর তারা মাটি ও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও বিভিন্ন হাওরে আরও অনেক বাঁধে কাজ না হওয়ায় সেগুলোও ভেঙে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে, পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।
What's Your Reaction?