সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড়ের ট্রাফিক বক্সের পিছনে রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র সুমন (৩৬) একই এলাকার মো. মতিনের পুত্র মো. মুন্না (২৫) ও মো. মাক্কুর পুত্র জুম্মন (৩০)।
সুত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদকসেবন অবস্থায় তিনজনকে গ্রেফতার করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। সেখানে তারা আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করে। পরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির হোসেন তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। এদের মধ্যে সুমনকে ৪ মাস, মুন্না ও জুম্মনকে ১ মাস করে দণ্ডাদেশ দেওয়া হয়। রাতেই তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। অভিযান পরিচালনাকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিদর্শক মো. আমিনুর রহমানাসহ সঙ্গীয় ফোর্স।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, পুলিশের কাছে আসামিরা চিহৃিত এক মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে। তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে আসছিলেন। তিনি বলেন চিহৃিত ওই মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান পরিচালনা হচ্ছে। থানার এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
What's Your Reaction?