সৈয়দপুর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত, জনমনে স্বস্তি

Jul 11, 2026 - 18:30
Jul 11, 2026 - 18:31
 0
সৈয়দপুর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত, জনমনে স্বস্তি

মিজানুর রহমান মিলন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় শহরে যানজটের ভোগান্তি কমেছে। এরআগে ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে পড়ে মানুষজনের কর্মঘণ্টা অপচয় হলেও বর্তমানে সেটি আর নেই। সবকিছু চলে এসেছে সহনীয় পর্যায়ে। মানুষজন চলাচল করছে নির্বিঘ্নে। তবে শহরবাসী ফুটপাত ও সড়ক দখল মুক্ত বজায় রাখতে পৌর কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন। 

সুত্র মতে সৈয়দপুর শহরে যানজটের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। ফলে শহরবাসী যানজট নিরসনে বছর পর বছর দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টদের কাছে। কিন্তু কোন লাভ হয়নি। এ অবস্থায় সমস্যাটি সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকলিমার নজরে আসে। তিনি সমস্যার সমাধানে ট্রাফিক বিভাগসহ বিভিন্ন  রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য শ্রেণী ও পেশার অংশীজনদের নিয়ে একাধিক সভা করেন। এসব সভায় অংশীজনদের পরামর্শে যানজট নিরসনে করণীয় ঠিক করা হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে শহরের ব্যস্ততম সড়কে স্থাপন করা হয় স্থায়ী সড়ক ডিভাইডার। পরবর্তীতে ফুটপাত ও সড়ক দখল করে দোকানীদের মালামাল রাখা এবং সড়কে বসা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করার উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। ফলে সড়ক দখলমুক্ত করতে  অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযানে নামে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে এক শ্রেণীর লোকজন উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত করার নানা অপচেষ্টা চালায়। অভিযান চলাকালে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে। তবে পৌর প্রশাসকের দূরদর্শী সিদ্ধান্তে উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়। এতে করে সড়কে যানজটের চিরচেনা দৃশ্যের অবসান হয়েছে অনেকটাই । ফলে সড়কে জনদুর্ভোগের ভোগান্তি কমায় স্বস্তি ফিরেছে নগর জীবনে। তবে রিক্সা, অটোরিকশা, রিক্সাভ্যান চলাচলে নিয়ন্ত্রণে আনতে পারলেই শহরের প্রধান সমস্যা যানজট পুরোপুরি কমে আসবে বলে অভিমত শহরবাসীর।

সরেজমিনে শনিবার (১১ জুলাই) শহরের ব্যস্ততম বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সড়ক ও ফুটপাত দখল মুক্ত হওয়ায় মানুষের স্বাভাবিক চলাচলে গতি ফিরেছে। একই সঙ্গে কমেছে যানজটের অসহনীয়  দুর্ভোগ। তবে শহীদ ডা. শামসুল হক সড়ক দখলমুক্ত হলেও অনেক দোকানী কৌশলে এখনও  মালামাল সড়কেই রাখছেন। এসময় সড়কে কথা হয় বাপ্পি, আনোয়ার হোসেন, সুলতানাসহ কয়েকজন পথচারীর সঙ্গে। তারা সড়ক দখলমুক্ত করায় পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। 

তারা আরও বলেন, আগে এই সড়কে চলাচল করা খুবই কষ্টদায়ক ছিল। আর যানবাহন নিয়ে চলাচল করা ছিল আরও যন্ত্রণাদায়ক। এখন সড়কের ওপর ব্যবসায়ীদের মালামাল রাখা বন্ধ হওয়ায় সেই দুর্ভোগ লাঘব হয়েছে। তবে এত কিছুর পরও কিছু কিছু দোকানদার মালামাল সড়কে রাখছে বলে অভিযোগ করে বিষয়টি পৌর কর্তৃপক্ষের নিয়মিত তদারকি করার দাবি জানান তারা। 

পৌরসভার একটি সূত্র জানায়, পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার নির্দেশনায় উচ্ছেদ অভিযানের সাফল্য ধরে রাখতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন। যাতে ফুটপাত ও সড়ক নতুন করে দখল না হয়। তবে পৌরসভার এই উদ্যোগকে টেকসই করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন সূত্রটি। 

সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, যানজটের বিষয়টি নজরে আসার পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অংশীজনদের সহযোগিতায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। ইতোমধ্যে তা কার্যকর করায় পৌরবাসীর ভোগান্তি কমেছে। তিনি বলেন পৌরসভা জনস্বার্থ রক্ষায় সচেতন রয়েছে। তবে সকল পক্ষের সহযোগিতা অব্যাহত থাকলে এ উদ্যোগের সফলতা বৃদ্ধি পাবে এবং সৈয়দপুর শহর হবে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow