কালিগঞ্জে অস্ত্র গুলি ইয়াবা ও বোমাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী ও সহযোগী উজ্জ্বল গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৪৩) ও তার সহযোগী আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৪) গ্রেফতার হয়েছে। অভিযানকালে উদ্ধার হয়েছে পিস্তল, গুলি, বোমা, ওয়াকিটকি ও ইয়াবা।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকয় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ইয়ার আলী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জব্বার আলী তরফদারের ছেলে এবং আরিফুল ইসলাম উজ্জ্বল একই ইউনিয়নের বেনাদোনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের ছেলে।
অভিযানে অংশ নেওয়া কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়ির সামনে থেকে ইয়ার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ২ টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। ইয়ার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পৃথক অভিযান চালিয়ে আরিফুল ইসলাম উজ্জ্বলকে কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে উদ্ধার হয় ২টি বোমা।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়ার আলীকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আটক করা হয়। ইয়ার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত: ২৩টি মামলা রয়েছে। ইয়ার আলীর কাছে আরও অস্ত্র ও মাদকদ্রব্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী ইয়ার আলীর গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
What's Your Reaction?