হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়
নীলফামারী জেলা প্রতিনিধি : শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলা অবস্থায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সাথে সাথে তাঁকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক বাহাউদ্দীন জাকারিয়া।
জানা গেছে, দুই দিনের সফরে তাঁর নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর আসেন। ফ্লাইট থেকে নেমে তিনি সোজা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যান। এসময় সৈয়দপুর, রংপুর ও লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে দুপুরের ফ্লাইটে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান ও নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়। বেলা তিনটার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
What's Your Reaction?