নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি: ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

Apr 14, 2026 - 08:34
 0
নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি: ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারী জেলাতেও জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় , মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত মোটরযান মালিকদের বাধ্যতামূলক ফুয়েল কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে হবে। 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত আবেদনপত্র জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ডের আবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক পাওয়া গেলে আবেদনকারীদের ফুয়েল কার্ড প্রদান করা হবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের কপি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই কপি  পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। অন্য জেলার জাতীয় পরিচয়পত্রধারী হয়ে নীলফামারীতে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাল ১৫ এপ্রিল থেকে (সরকারি ছুটির দিন ব্যতীত) আবেদন গ্রহণ শুরু হবে। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি ফিলিং স্টেশন থেকে পেট্রোল বা অকটেন ক্রয় করতে পারবেন না।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এ ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow