রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

Jul 8, 2026 - 11:31
 0
রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর
আর্জেন্টিনার কাছে বিতর্কিত হারের পর রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে বিতর্কিত ৩-২ ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে মিশর। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার অফিশিয়ালদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। তাদের দাবি, একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলে দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক আইনি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার পুরো রেফারিং দলের সিদ্ধান্তের তদন্ত দাবি করা হয়েছে।

মিশরের দাবি, ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। শুধু তদন্তই নয়, চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও লেতেক্সিয়ের ও তার সহকারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইএফএ।

এই ঘটনা বিশ্বকাপে রেফারিং বিতর্ককে আরও উসকে দিয়েছে। এর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশনসহ ইউরোপের কয়েকটি সংস্থাও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিল। ফলে টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, রেফারি ও ভিএআরের একাধিক সিদ্ধান্ত অন্যায্য ছিল এবং সেগুলো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

হোসাম হাসান বলেন, ‘আমরা ন্যায্য আচরণ পাইনি। আমাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি, আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআরেও দেখা হয়নি। এ ছাড়া আমাদের একটি বৈধ গোলও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার।’

উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষদিকে রহস্যজনক প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow