দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

Jul 29, 2026 - 21:01
 0
দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন (PWD) প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজিত অনুষ্ঠানে এ সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীরা মোবাইল ফোন সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরআরএর আঞ্চলিক সমন্বয়কারী আনজির হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএর ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) তরুণ কুমার সরদার, জব প্লেসমেন্ট অফিসার নজিফা খাতুন, লিড ট্রেইনার নুর আমিন হোসেন ও আসিফ রেজা তিতাস এবং অ্যাসোসিয়েট ট্রেইনার সোহেল রানা ও মেহেদী হাসান।

অনুষ্ঠানে অতিথিরা দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এ সময় দুইজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

প্রধান অতিথি নাসরিন জাহান বলেন, অর্জিত দক্ষতাকে নিয়মিত চর্চার মাধ্যমে ধরে রাখতে হবে। প্রশিক্ষণ শেষে কাজ চালিয়ে না গেলে শেখা বিষয়গুলো ধীরে ধীরে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি প্রশিক্ষণার্থীদের আত্মনির্ভরশীল হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন। সনদ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ইনচার্জ জি এম নূরুন্নবী হাসান। সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow