সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত : উত্তরবঙ্গের বৃহত্তম জশনে জুলুছে মানুষের ঢল
বিশ্বনবীর জন্মদিন, নূর নবীর আগমণ শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্বাবধানে স্মরণকালের
জশনে জুলুছে নেতৃত্ব দেন পীরে তরিক্বত হযরত সৈয়দ আহমেদ জামাল আশরাফ আশরাফী আল জিলানী (ভারত- জয় শরীফ)।
শহরের রেলওয়ে মাঠ থেকে বের হওয়া জশনে জুলুছটি শেরে বাংলা সড়ক, রংপুর রোড, বাঙালিপুর, পুরাতন বাবুপাড়া, বিমানবন্দর সড়ক হয়ে শহীদ ডা. জিকরুল হক সড়ক দিয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। ফলে ওইসময় পর্যন্ত সড়কগুলো সবধরণের যান চলাচল বন্ধ থাকে। জশনে জুলুছের কারণে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এর আগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অঙ্গসংগঠন মাদরাসা কাদেরিয়া তেগিয়া, আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমাম আজম আবু হানিফা কমিটি, গাউসিয়া কমিটি, রেজা একাডেমী, নুর নাত কাউন্সিল, আশিকানে আউলিয়া কমিটি গোলাহাট, দাওয়াতে ইসলামী, নওজয়ানানে আহলে সুন্নাত, ফয়জানে মাখদুম আশরাফ, খানকাহ এমাদিয়া , হাতিখানা তিনমাথা মোড় যুব সংঘ, অফিসার্স কলোনী হাউদা মাঠ যুব কমিটি, উর্দুভাষী ক্যাম্পসহ শতাধিক সুফিবাদী সংগঠনসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ, মাদরাসা, খানকাহ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের ব্যানারে শিশু থেকে শুরু করে সববয়সী মানুষজন খন্ড খন্ড মিছিল নিয়ে রেলওয়ে মাঠে এসে জমায়েত হয়। জুলুছে প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল সবুজ ও কালেমা খচিত পতাকা ও জাতীয় পতাকা। জুলুছে অংশ নেওয়া দুই শতাধিক ট্রাক,পিকআপসহ অন্যান্য যানবাহনগুলো সাজানো হয় নানা সাজে। জশনে জুলুছ শেষে রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় মিলাদে মোস্তাফা ও দোয়া মাহফিল।
আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব তাসলিম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা শাহীদ রেজা রিজভী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান,আলহাজ্ব নুর উদ্দিন আশরাফী, আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী, হাজী আফতাব আলম জুবায়ের এমাদী, নাদিম আশরাফী, এস এম শামস চুন আশরাফী,
খালিদ আজম আশরাফীসহ বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম খতিব, আলেম উলেমা, পীর মাশায়েখগণ।
রেলওয়ে মাঠে জশনে জুলুছের আলোচনা শেষে সালাতো সালাম এবং দেশ জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে শেষ হয় উত্তরবঙ্গের বৃহত্তম এই মিলাদুন্নবীর আয়োজন। রেলওয়ে মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাস্তা ও শরবতের ব্যবস্থা করা হয়। দুপুরে দাওয়াতে ইসলামী শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি করে।
এদিকে উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুছটি দেখতে আশপাশের শহর থেকেও বিপুল সংখ্যক মানুষ জড়ো হন সৈয়দপুরের প্রধান প্রধান সড়ক ও রেলওয়ে ময়দানে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোটা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয় বিভিন্ন তোরণ। শহরের মসজিদ মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় আলোকমালায় সজ্জিত করা হয়। আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় মানুষজনের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের খাবার।
এদিকে দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়, দিবসের আলোচনা সভা,মিলাদ, দোয়া ও নাতসহ বিভিন্ন প্রতিযোগিতা। দিনব্যাপী চলে এসব আয়োজন।
What's Your Reaction?