সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার: নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Aug 29, 2026 - 18:18
 0
সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার: নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় ২৪ কেজি গাঁজার চালান উদ্ধার করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় ওই গাঁজার চালান বহনকারী সুলতানা রাজিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচরে। সে উল্লিখিত এলাকার আব্দুল শহীদের মেয়ে এবং মো. আফছার আলী স্ত্রী। গত শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনের সামনে ষ্টার ট্রাভেলস নামের একটি বাস থেকে ওই গাঁজা উদ্ধারসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল সৈয়দপুর শহরের নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনে সামনে অবস্থান নেয়। এ সময় গাজীপুরের  মাওনা থেকে পঞ্চগড়গামী ষ্টার ট্রাভেলস্ (ঢাকা মেট্টো-ব-১২-১৩০৯) নামের বাসটি ভোর সাড়ে চারটায় সময় উল্লিখিত এলাকার নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বাসটিকে থামার সংকেত দেয়া হয়। এরপর ওই বাসের এফ-১ নম্বর সিটের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী যাত্রীর স্বীকারোক্তি মতে বাসটির লকারে থাকা অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৭টি প্যাকেট এবং অপর একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নয়টি প্যাকেটে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নং-৪৬, তারিখ: ২৮/০৮/২০২৬ইং।

 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow