সৈয়দপুরে যুবলীগ ও শেখ রাসেল স্মৃতি পরিষদের দুই নেতা গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ (৫৫) ও স্বেচ্ছাসেবক লীগ কামারপুকুর ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান লিমন (৪০) কে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গত শুক্রবার ও শনিবার রাতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সৈয়দপুর কলেজের সাবেক ভিপি মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়। তিনি সৈয়দপুর শহরের কুন্দল এলাকার প্রয়াত জহির উদ্দিনের ছেলে। মোস্তফা ফিরোজ রাজনীতির পাশাপাশি ইটভাটা ও সার ব্যবসায়ী। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। এরআগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারে অভিযান চালিয়ে কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর স্মৃৃতি পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান লিমনকে গ্রেফতার করে পুলিশ। সে কামারপুকুর বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। তিনি জানান, বিগত ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি সন্ত্রাস বিরোধী মামলা হয়। ওই মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতা মোস্তফা ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া অপর একটি মামলা রয়েছে।
অপরদিকে গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাস ও নাশকতার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান লিমনক গ্রেফতার করা হয়েছে। তাদেরকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। তারা উভয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
What's Your Reaction?