সৈয়দপুরে স্কুলের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও স্মারলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা সৈয়দপুর উপজেলা পরিষদের গেটের সামনে ওই কর্মসূচি পালন করে। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে করা হয় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুখসানা প্রধান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আবু সরকার ও অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে ছুটির দিনে দিনে দুপুরে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। তাদের এ কাজে বাঁধা দিতে গেলে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী গোলাম রাব্বানীকে বেদম মারপিট করে দুষ্কৃতিকারীরা। বর্তমানে সেবিদ্যালয়ের মারাত্মক আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা বলেন, একটি সরকারি বিদ্যালয়ে এ ধরণের একটি সন্ত্রাসী ও ন্যাক্কারজনক কর্মকান্ড কোনভাবে মেনে নেওয়া যায় না। আর এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শারেজাহান পারভীন দুষ্কৃতিকারী তিনজনের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু পুলিশ আসামীদের গ্রেফতার কিংবা আইনগত ব্যবস্থা গ্রহন করেননি অদ্যাবধি। এতে করে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুর ও দপ্তরি কাম নৈশ প্রহরীকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টার দিকে এলাকার কিছু দুষ্কৃতিকারী তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। আর এ কাজে বাঁধা দিতে গেলে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী গোলাম রাব্বানীকে বেদম মারপিটে আহত করা হয়।
What's Your Reaction?