সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

Nov 5, 2026 - 18:02
Nov 5, 2026 - 18:03
 0
সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার পানসি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় পরিচালিত হোপ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন হোপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর খালিদ হাসান। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রেখা খাতুন, মাহফুজা পারভীন লিপি, আসাদুজ্জামান লাভলু, গৌরপদ দাস, লাভলু হোসেন, আনজুমান আরা মিনি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানবাধিকার সুরক্ষা দলের সদস্য ও মানবাধিকারকর্মীরা।

সভায় আসন্ন উপজেলা সংলাপকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, নাগরিক অধিকার ও সামাজিক বৈষম্য নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ের জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে আসন্ন সংলাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা এবং সমস্যা সমাধানে তাদের কার্যকর ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

এ ছাড়া সম্প্রতি সাতক্ষীরায় সংঘটিত কয়েকটি শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় মানবাধিকারকর্মীরা স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন, সামাজিক অসংগতি ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow