সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশীলী মো. আবু জাফরকে ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্ত প্রশাসক উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর তাঁর দায়িত্বভার গ্রহন করেন।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন - ২০০৯ এর ধারা ১০১ এবং ১০২ অনুযায়ী তাঁর (চেয়ারম্যান) অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফরকে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির গত বুধবার তাকে ওই নিয়োগ প্রদান করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসক উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাঁর দায়িত্বভার গ্রহন করেন। এ সময় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ ও সকল সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?