আশাশুনির ১১ ইউনিয়নে নাশকতা প্রতিরোধে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান

Nov 10, 2026 - 15:26
 0
আশাশুনির ১১ ইউনিয়নে নাশকতা প্রতিরোধে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ তৎপরতা শুরু করেছে থানা পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের নির্দেশে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ওসি শাহিদুর রহমানের সরাসরি নেতৃত্বে পুলিশের তিনটি পৃথক টিম এ অভিযানে অংশ নেয়। একটি টিমের নেতৃত্বে ছিলেন এসআই আনজির ও এসআই মিজান, অপর টিমে ছিলেন এএসআই অমিত হাসান। এছাড়া এসআই আব্দুর রউফকে সঙ্গে নিয়ে ওসি নিজেই বিভিন্ন এলাকায় অভিযান ও তদারকি করেন।
অভিযানকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, জনবহুল এলাকা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের আগাম তথ্য সংগ্রহ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
এ বিষয়ে ওসি শাহিদুর রহমান বলেন, “আশাশুনি থানা এলাকায় কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মাধ্যমে আশাশুনির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow