মেয়েকে স্কুলে পৌঁছাতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মেয়েকে স্কুলে পৌঁছাতে গিয়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম আরিফ (৪৭) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুপ্তি (১১) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে শহরের গোলাহাট ওয়াপদা মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সার ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ তাঁর মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌছে দেওয়ার জন্য নয়াহাট দোলাপাড়ার বাড়ি থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল নিয়ে ওয়াপদা মোড় অতিক্রম করার সময় দিনাজপুরগামী দ্রুতগামী একটি বাস রং সাইড দিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল ওয়াপদা মোড়ে তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক আরিফুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এবং তাঁর মেয়ে সুপ্তি আক্তার গুরুতর আহত হয়। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত ছুঁটে এসে আহত স্কুল ছাত্রী সুপ্তিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, দ্রুতগামী বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ দূরে টেনেহিঁচড়ে টেনে নিয়ে রেল ক্রসিংয়ের কাছে ফেলে যায়।
আহত স্কুল ছাত্রী সুপ্তি শহরের কয়া গোলাহাটের নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং তার মা রুমানা আক্তার ওই শিক্ষা প্রতিষ্ঠানটির একজন শিক্ষিকা। এ দূর্ঘটনার পর বিক্ষুপ্ত লোকজন ওয়াপদা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ পড়ে। পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় চার ঘন্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
What's Your Reaction?