১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি, শ্যামনগরে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি : ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষকে স্মরণ এবং উপকূলবাসীর নিরাপদ জীবনযাপনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা, জাতীয় বাজেটে উপকূলের জন্য পৃথক বরাদ্দ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারসংলগ্ন মালঞ্চ নদীর তীরে সিডিও ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
স্বেচ্ছাসেবক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও যুব সদস্যরা অংশ নেন।
স্থানীয় ব্যবসায়ী আমির হামজা আবু বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা আজও মানুষের স্মৃতিতে ভয়াবহ ক্ষত হয়ে আছে। সেই স্মৃতি ও উপকূলবাসীর সংগ্রামকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করা জরুরি।
তিনি বলেন, প্রতিবছর দুর্যোগের পর ত্রাণ দিয়ে উপকূলবাসীর সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান উপকূলীয় এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান।
সিডিওর সিনিয়র ভলান্টিয়ার রিনা খাতুন বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তাদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রয়োজন।
বক্তারা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, নদী-খাল সংরক্ষণ, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সিডিওর সিনিয়র ভলান্টিয়ার মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন ও মো. মিলন হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।
What's Your Reaction?