সুন্দরবনে নিখোঁজ মৌয়াল পরিবারের পাশে এমপি গাজী নজরুল ইসলাম

Apr 12, 2026 - 21:38
 0
সুন্দরবনে নিখোঁজ মৌয়াল পরিবারের পাশে এমপি গাজী নজরুল ইসলাম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ও ফিরে আসা মৌয়ালদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংসদ থেকে ফিরে তিনি সরাসরি দুর্ঘটনাকবলিত মৌয়ালদের ও তাদের স্বজনদের খোঁজখবর নিতে ছুটে আসেন।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি শ্যামনগরের ভেটখালী এলাকায় গিয়ে উদ্ধার হয়ে ফেরা মৌয়ালদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তিনি প্রত্যক্ষদর্শী ও জীবিত ফিরে আসা মৌয়াল তারানীপুর গ্রামের আল মামুন (৪৫)-এর কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন।

আল মামুন এমপিকে জানান, বৈধ অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে গিয়েছিলেন। পরে নৌকা হারিয়ে ভেলা বানিয়ে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্টে ৪ জন দেশে ফিরতে সক্ষম হলেও এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন।

এসময় এমপি গাজী নজরুল ইসলাম নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি সংসদে থাকা অবস্থায় ঘটনাটি জানতে পেরেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।”তিনি আরও বলেন, দুর্গত মৌয়ালদের পরিবারকে সার্বিক সহায়তা প্রদানে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তাও নিশ্চিত করা হবে। এদিকে এমপির এমন উপস্থিতি ও খোঁজখবর নেওয়ায় কিছুটা সাহস ফিরে পেয়েছেন নিখোঁজদের স্বজনরা। তবে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় তাদের মধ্যে এখনো বিরাজ করছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow