শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ

Mar 9, 2026 - 18:13
 0
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ
স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম।

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট পাইকের মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে মেলায় প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় নীতি প্রণয়নে গুরুত্ব দিলে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব হবে। এ ধরনের আয়োজন স্থানীয় জ্ঞানকে সামনে এনে নীতি-নির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সংযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় স্থানীয়রা ১৩টি স্টলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, স্থানীয় জ্ঞান ও অভিযোজন কৌশল তুলে ধরেন। এসব স্টলে উপকূলীয় কৃষি যন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় অঞ্চলের মাছ ধরার উপকরণ, স্থানীয় অভিযোজন চর্চা, বিলুপ্তপ্রায় সামগ্রী, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহার্য উপকরণ, বনজীবীদের ব্যবহার্য সামগ্রী, পরিবেশবান্ধব চুলা, স্থানীয় জাতের বীজ, ধান ও চাল, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, শুকনা খাবার, হাতে আঁকা চিত্রের মাধ্যমে উপকূলের সংকট ও প্রাণবৈচিত্র্য এবং নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের উদ্যোগ তুলে ধরেন। একই সাথে জারি-সারি পরিবেশন, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন- বারসিক এর পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শংকর ম্রং, শ্যামনগর গ্রীণ কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী প্রমুখ। 

বক্তারা আরও বলেন, উপকূল এবং হাওর অঞ্চলে জলবায়ু সংকট তীব্র আকার ধারণ করছে। এর ভেতরেও দেশীয় বীজ ও প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় অভিযোজন কৌশলের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছেন গ্রামীণ জনগোষ্ঠী। স্থানীয় অভিযোজন কৌশলকে শক্তিশালী করতে জলবায়ু অর্থায়ন দরকার। স্থানীয় সরকারের মাধ্যমে সরাসরি গ্রামের মানুষ নিজেদের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। স্থানীয় মানুষের অভিযোজন সংগ্রামকে জাতীয় পরিকল্পনায় যুক্ত করতে হবে। সবার জন্য জলবায়ু তহবিল নিশ্চিত করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow