ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর ডিটেনশন ক্যাম্প থেকে ৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (০৪ জুলাই) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশেষ নির্বাসন আদেশের পর তাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে, দেশটির সালেম জেলার আত্তুর তালুক অফিস কমপ্লেক্সে অবস্থিত বিশেষ ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হয়েছিল। ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লিতে নেওয়া হয়।
পরে তিরুচিরাপল্লি থেকে বিশেষভাবে সংরক্ষিত কোচে করে তাদের হাওড়া এক্সপ্রেস ট্রেনে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়। পুরো যাত্রায় সালেম আর্মড রিজার্ভ পুলিশের নেতৃত্বে ৪০ সদস্যের সশস্ত্র দল তাদের সঙ্গে ছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের হরিদাসপুর স্থল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হবে। পরে বিএসএফ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে।
উল্লেখ্য, তামিলনাড়ু সরকার আত্তুর ডিটেনশন ক্যাম্পকে অনিয়মিত অভিবাসীদের সাময়িকভাবে আটক রাখার জন্য ‘বিশেষ ক্যাম্প’ হিসেবে ব্যবহার করছে। বর্তমানে সেখানে ১৩০ জনেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের সবার নামেই মামলা বিচারাধীন রয়েছে অথবা তারা জামিনে আছেন।
What's Your Reaction?