শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ে আলোচনা 

Mar 9, 2026 - 16:29
 0
শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ে আলোচনা 

এস, এম, মোস্তফা কামাল: প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

 সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, জয়ীতা-এর নির্বাহী পরিচালক অষ্টমী মালো, সিএনআরএস এর প্রোজেক্ট অফিসার শেখ মোস্তাক মাহমুদ, বিটিএস এর প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক এস এম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম ও সাংবাদিক আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক।

কর্মসূচিটি আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগিতায় কমনওয়েলথ ফাউন্ডেশন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট নীতিমালা ও পরিকল্পনা বিষয়ে অ্যাডভোকেসি গ্রুপ, সিপিপি স্বেচ্ছাসেবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বিশেষ করে প্রতিবন্ধী কিশোরী, নারী ও যুবকদের সরকারি পরিকল্পনা, কর্মসূচি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন সংশ্লিষ্ট সম্পদ বরাদ্দ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।

প্রকল্পের আওতায় শ্যামনগর পৌরসভা, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ, প্রতিটি এলাকায় একটি করে অ্যাডভোকেসি গ্রুপ গঠন এবং উপজেলা পর্যায়ে একটি সমন্বিত অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা হবে। পাশাপাশি এসব গ্রুপের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ডেস্ক স্থাপন এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিমালা, আইন ও পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow