কালিগঞ্জে দিনদুপুরে বিকাশ এজেন্টকে মারপিট করে ১০ লাখ টাকা ছিনতাই
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দিনদুপুরে মোখলেছুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে মারপিট করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মরহুম ওলি আহম্মেদের ছেলে বিকাশ এজেন্ট মোকলেছুর রহমান রোববার দুপুরে মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২ টার দিকে শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। মাথায় গুরুতর আঘাত পেয়ে মোখলেছুর রহমান ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
What's Your Reaction?