সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি 

Aug 1, 2026 - 18:35
 0
সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি 

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম সড়কে পাশে একটি মুদি দোকানের চালের টিন কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত গভীর রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে অবস্থিত হাসিম স্টোরে ওই ঘটনা ঘটে। চোরেরা দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ দুই লাখ ১২ হাজার টাকা, ৭৫ হাজার টাকার সাদা এলাচ মসল্লাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। তারা চুরির সাথে জড়িতদের যাতে কেউ চিহৃিত করতে না পারে, সেজন্য দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসও নিয়ে গেছে বলে দোকান মালিক দাবি করেছেন। এ ঘটনায় শনিবার দুপুরে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক ইসতিয়াক আলম মুন্না।

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, শহরের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে (সোহেলরানা মোড়) হাসিম স্টোর নামে মুদি দোকানটি অবস্থিত। প্রতিদিনের মতো ঘটনার দিনও গত শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে দোকান মালিকের ছোট ভাই মো. আয়ান হোসেন তাদের মুদি দোকানটি বন্ধ করে শহরের হাওয়ালদারপাড়ার বাসায় চলে যান। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাতটার দিকে দোকান মালিক মো. ইসতিয়াক হোসেন মুন্না বাসা থেকে এসে দোকানের সার্টার খুলে ভেতরে প্রবেশ করে তিনি দোকান ঘরের টিনের চালা কাটা অবস্থায় দেখতে পান। তিনি বলেন, চোরেরা দোকান ঘরের পিছনে দেওয়াল  দিয়ে ওপরে উঠে টিনের চালা ও প্লাষ্টিকের সিলিং কেটে দোকানের ভেতরে ঢুকে ক্যাশবাক্সে রক্ষিত নগদ দুই লাখ ১২ হাজার টাকা, প্রায় ৭৫ হাজার দুই শত টাকার মূল্যের ১৬ কেজি সাদা এলাচ মসল্লা,অন্যান্য মালামাল ও সিসিটিভি ক্যামেরার ডিভাইসসহ চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়ে নানাভাবে খোঁজখবর করেও কোন হদিস পাননি।
 এ ঘটনায় তিনি শনিবার দুপুরে সৈয়দপুর থানায়  গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা শহরের একটি মুদি দোকানের চালের টিন কেটে চুরির বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,চুরির ঘটনাটি অতি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। আশা করি চুরির ঘটনায় জড়িতদের দ্রুততার সঙ্গে সনাক্ত করা সম্ভব হবে।
এদিকে,  সদর পুলিশ ফাঁড়ির মাত্র দুইশত গজের মধ্যে শহরের ব্যস্ততম সড়কের একটি মুদি দোকানের দূর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এর আগেও শহরের বিভিন্ন এলাকায় একই কৌশলে চালের টিন কেটে দোকান চুরির একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু সে সব চুরি ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের কাউকেই চিহ্নিত কিংবা চুরির যাওয়া মালামাল উদ্ধার করতে পারেননি পুলিশ। এ অবস্থায় ব্যবসায়ীরা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের চুরি ঠেকাতে রাতের বেলা থানা পুলিশী টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow