ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নতুন নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

Aug 1, 2026 - 20:52
 0
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নতুন নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় বসবাসরত দেবহাটা উপজেলার মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে কাজ করা অন্যতম সামাজিক সংগঠন ‘দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা’-এর দুই বছর মেয়াদি ৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাহাজ্জাত হোসেন হিরু এবং সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন।

গত শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের (লেভেল-৪) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এরপর আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ওপেন হাউজ পদ্ধতিতে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৩২ জনকে নির্বাচিত করা হয়েছে। সমগ্র আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকায় বসবাসরত দেবহাটা বাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেবহাটার মানুষের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow