বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Jul 5, 2026 - 20:16
 0
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং চার সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম, উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

দুপুর ১২টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম, দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম, দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম, দক্ষিণপশ্চিমে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এর গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow