সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও 

Jul 9, 2026 - 17:44
 0
সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও 
প্রতিভাবান অলরাউন্ডার ক্রিকেটার সুরাইয়া আক্তারের পাশে দাড়িয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।

নীলফামারী জেলা প্রতিনিধি : আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়া  সৈয়দপুরের প্রতিভাবান অলরাউন্ডার ক্রিকেটার সুরাইয়া আক্তারের পাশে দাড়িয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত করা এই ক্রিকেটারের হাতে অনুশীলনের জন্য তুলে দিলেন প্যাড, হ্যান্ড গ্লোবস্, হেলমেটসহ অন্যান্য উপকরণ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদে তাঁর কার্যালয়ে ক্রিকেটার সুরাইয়ার হাতে ওইসব উপকরণ তুলে দেন তিনি। 

জানা যায়, কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার অধিবাসী প্রতিভাবান ক্রিকেটার সুরাইয়া আক্তার। ছোট থেকেই ক্রিকেটের প্রতি রয়েছে তাঁর দূর্বলতা। তাঁর ইচ্ছে বড় হয়ে একজন ভালো ক্রিকেটার হওয়া। এ কারণে সে সাবেক জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও নতুন কুঁড়ি স্পোর্টসের নীলফামারী জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকীর সিটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিতে ভর্তি হয়। চালিয়ে যেতে থাকে ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। 

এক পর্যায়ে সকলের সহযোগিতায় নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেটে অনলাইনে আবেদন করে বাছাইপর্বে সৈয়দপুর উপজেলা হয়ে জেলা পর্যায়ে অংশ নেয় সুরাইয়া। এসময় তাঁর ক্ষুদে হাতে করা টর্নেডো গতির পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নীলফামারী জেলা দলে খেলার সুযোগ পায় সে। পরে  জেলা দলের হয়ে বিভাগীয় পর্যায়ে তার নজরকাড়া অলরাউন্ডিং নৈপুণ্যে তাকে বিভাগীয় দলের চুড়ান্ত ১৪ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ক্রিকেটার সুরাইয়ার ঘনিষ্ঠ সুত্র জানায়, বিভাগীয় দলে সুযোগ পাওয়ার পর নিয়মিত অনুশীলন করা নিয়ে চিন্তিত ছিল সে। কারণ অনুশীলনের জন্য তার প্রয়োজনীয় উপকরণ ছিল না। পরে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে ক্রিকেটের অনুশীলনের জন্য সে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বরাবরে খেলার উপকরণ চেয়ে একটি আবেদন করে। এ আবেদন হাতে পেয়ে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা ক্রিকেটার সুরাইয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া উপকরণ দিয়ে সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকী ও ক্রীড়া সংগঠক এহতেশামুল হক সানি প্রমুখ।  

জানতে চাইলে সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের হয়ে আসন্ন নতুন কু্ঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমি তার সফলতা কামনা করি। তিনি বলেন আমি আশাবাদি  সুরাইয়া আক্তার ভালো খেলে রংপুর বিভাগীয় দলকে বিজয়ী করে সৈয়দপুরের সুনাম বাড়িয়ে দিবে।

উল্লেখ্য ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর ও কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি জাতীয় স্পোর্টস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্যাটাগরিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow