জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন
এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর-কালিগঞ্জে সীমান্তে অবস্থিত মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে একের পর এক মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে আমীর আলী গাইন এর বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
১৭ জুলাই (শুক্রবার) বেলা ২ টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারী শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা'দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র মামলাবাজ আমির আলি গাইন মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক জবর দখল করা শুরু করেছে। তাছাড়া জেলা পরিষদের টাকায় মাদ্রাসার নির্মিত পাকা প্রাচীর ভেঙ্গে ইট গুলো নিয়ে যাওয়া, ফলজ-বনজ গাছ কর্তন, ফলফলাদি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে আমির আলি গাইনের বিরুদ্ধে। তার এহেন অপকর্মের বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী সোচ্চার হয়ে বাধা প্রদান করায় প্রায় ১৫ টি মামলা ও অভিযোগ দিয়ে আমির আলি গাইন হয়রাণী করেই চলেছে। বিএনপির কেন্দ্রীয়নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন। বর্তমানে এ জমি মসজিদের নামে রেকর্ড ও দখলে থাকলেও আমির আলি গাইন লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তার নানাবিধ হুমকীর স্বীকার মুসল্লী ও প্রতিবাদী এলাকাবাসী। যে কোন মুহূর্তে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। আমির আলি গাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
What's Your Reaction?