উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান
নীলফামারী জেলা প্রতিনিধি : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনের চাকা সচল রাখতে হলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। এতে যেমন সর্বত্র বিদ্যুৎ মিলবে, তেমনি কল কারখানায় উৎপাদনও বাড়বে। ফলে লাভবান হবে মালিক শ্রমিক ও কর্মচারিরা। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে এখন উন্নত বিশ্বেও মানুষজন সৌর বিদ্যুৎ এর প্রতি জোর দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিসিকের শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো নির্মাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্যে ওইসব কথা বলেন তিনি। বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)
রাজশাহী আঞ্চলিক কার্যালয় ওই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের জাফর বায়েজীদ।কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডকলের (নর্থ) নবায়নযোগ্য জ্বালানি রংপুর রিজিওনাল মনিটরিং অফিসের জোনাল ম্যানেজার আবু ফারাহ মো.আসাদুজ্জামান। বিসিকের নীলফামারী কার্যালয়ের উপ পরিচালক নুরেল হকের সঞ্চালনায়
কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন, বিসিকের ব্যবস্থাপনা পরিচালক রাব্বানী তালুকদার। এছাড়া কর্মশালায় ইডকলের রিজিওনাল ম্যানেজার মারুফ হোসেন, বন ও পরিবেশ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, লালমনিরহাট বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন প্রমুখ।
কর্মশালায় বিসিক চেয়ারম্যান আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছেন। তাই আমাদেরকেও গাছ লাগানোর মাধ্যমে সেই কর্মসুচি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আমাদের গ্যাস ও শ্রম দেওয়ার জনবল রয়েছে, কিন্তু যন্ত্রপাতি ও টেকনিশিয়ান নেই। কাঁচামালসহ সবকিছু আমদানি করতে হয়। তাই আমরা সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে শিল্প মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। উন্নত বিশ্বেও সৌর বিদ্যুৎ ব্যবহার করে শিল্প মালিক সহ সেসব দেশের জনগন লাভবান হচ্ছে।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বিদ্যুৎ সাশ্রয়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এজন্য সকল শিল্প কল কারখানার মালিককে বিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।
কর্মশালায় সৈয়দপুর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মশিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তফা, রংপুর বিভাগের বিসিক শিল্পনগরীর ৬ জেলার কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
What's Your Reaction?