সৈয়দপুরে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

Aug 31, 2026 - 19:07
 0
সৈয়দপুরে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি : মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সম্মান ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সারকারে মদিনা আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স-২০২৬। 

আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে রবিবার (৩০ আগস্ট) রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশী-বিদেশী বিশিষ্ট আলেম, ওলামা, পীর-মাশায়েখ ও নাতশিল্পীরা অংশ নেন। 

 সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের জায়েস শরীফস্থ আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়ার সাজ্জাদানশীন ও খতিব হযরত আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফী আল-জিলানী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েস শরীফস্থ  ওয়ালি - এ - আহাদ হযরত শাহ সৈয়দ আহমাদ জামাল আশরাফ আশরাফী আল-জিলানী। 

 আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর শাখার সভাপতি আলহাজ্ব মো. তাসলিম আশরাফীর সভাপতিত্বে এবং কনফারেন্স এর আহবায়ক খালিদ আশরাফীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আসা আন্তর্জাতিক নাত শিল্পী আলহাজ্ব জোহাইব আশরাফী, ভারতের জায়েস শরীফের মাওলানা মোহাম্মদ ইরফান আশরাফী, সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা, মাওলানা সাবির হোসেন নুরী রিজভী, হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, খলিফা মোহাম্মদ আলী মিসবাহী, মাওলানা গোলাম হীরা আশরাফী, খলিফা নিজামুদ্দিন আশরাফী, সৈয়দ আবুল বরকত আকাশ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সৈযদ এসএম শামস্ চুন আশরাফীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 সম্মেলনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, আহলে সুন্নাতের জামা'আতের আকিদা ও ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 বক্তারা বলেন, মুসলিম সমাজের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা প্রয়োজন। মহানবী (সা.)-এর আদর্শকে সামনে রেখে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

 আন্তর্জাতিক এ সুন্নি সম্মেলনকে ঘিরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশ-বিদেশের আলেম, পীর-মাশায়েখ ও নাতশিল্পীদের উপস্থিতিতে সম্মেলনটি আন্তর্জাতিক আবহ লাভ করে। ধর্মীয় আলোচনা, নাতে রাসুল (সা.) পরিবেশন ও ইসলামী ভাবধারার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন আগত মুসল্লিরা।

 আয়োজকরা জানান, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের শান্তি, সম্প্রীতি ও ইসলামী আদর্শের প্রচার, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow