সাতক্ষীরায় পৃথক দুটি স্থানে ‘মানবতার দেয়াল’ স্থাপন
সাতক্ষীরা প্রতিনিধি : মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় পৃথক দুটি স্থানে ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট এবং শহরের আসিফ চত্বরে পৃথকভাবে এসব মানবতার দেয়াল স্থাপন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এবং সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি। এ সময় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
উদ্যোগটির মূল লক্ষ্য, যাঁদের কাছে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা সেসব পোশাক মানবতার দেয়ালে রেখে যাবেন। আর যাঁদের প্রয়োজন, তাঁরা কোনো সংকোচ ছাড়াই বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। পোশাক দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কোনো অর্থ কিংবা আর্থিক অসচ্ছলতার প্রমাণের প্রয়োজন হবে না। এর মাধ্যমে সবার আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, এ কার্যক্রম কেবল পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের একটি সুন্দর সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি আরও বলেন, প্রতিটি ঘরে থাকা অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক অন্য কারও প্রয়োজন মেটাতে পারে। তাই মানবতার দেয়ালের পাশে দাঁড়াতে এবং এ উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার এক কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।
What's Your Reaction?