যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর জেলা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন যারা ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করেছিল, তাদের মুখে ছাই পড়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে ১৪ টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে সকলের হাতে কার্ড পৌছে দেওয়া হবে।
তিনি বলেন, আগামি ১৬ মার্চ আমাদের আনন্দের দিন। ওইদিন খাল খননের মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সুচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া এ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়নের বার্তা নিয়ে ঢাকার বাইরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর দিনাজপুরে। সৈয়দপুরের উপর দিয়ে বাসে চেপে দিনাজপুরের কাহারোলে যাবেন তিনি। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে, তাই প্রিয় নেতার এ সফরকে আমরা স্মরণীয় করতে চাই।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
ত্রাণমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু আরও বলেন, আগের প্রধানমন্ত্রী হেলিকপ্টার আসা যাওয়া করতেন। জনগণ তাদের দেখাই পেত না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পুরোনো রীতি বদলে দিয়ে জনগনের কাতারে এসেছেন। জনতার কাতারে থাকতে চান বলে বাসে চেপে, পায়ে হেটে ঘটনাস্থলে যাবেন। তার লক্ষ্য জনগনের পাশে থাকা।
মন্ত্রী দুলু বলেন, একটি পক্ষ শুরু থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফের বিষয়ে নানা অপপ্রচার চালিয়েছে। সেইসব অপপ্রচারকারীদের মুখে ছাই পড়েছে। সরকার গঠনের একমাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তিনি বলেন, মন্ত্রী পরিষদের প্রথম সভায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামি একমাসের মধ্যে দেওয়া হবে কৃষক কার্ড।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিএনপি জনতার রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর একের পর এক যেসব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে, তা এরআগে কোন সরকার করতে পারেনি। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ১৬ মার্চ বাসে করে দিনাজপুরের কাহারোল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনের সাথে কথা বলবেন। "সবার আগে বাংলাদেশ" এ শ্লোগানকে ধারণ করে তাঁর সফরকে সফল করতে হবে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী ফরহাদ হেসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল্লাহ রুবেল, সৈয়দপুর জেলা বিএনপির সহ এ্যাড. ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
এসময় নীলফামারী,দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি,উপজেলা,পৌর বিএনপি,কিশোরগঞ্জ উপজেলা বিএনপি,ছাত্রদল, যুবদল,মহিলা দল, স্বেচ্ছাসেবক দল,কৃষক তাঁতীদল, মৎস্যজীবি দল, জাসাস,শ্রমিক দল, জিয়া মঞ্চ, ওলামা দল, জিয়া পরিষদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এরআগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত রেজাউল করিম লোকমানের স্ত্রী ও দুই অবুঝ সন্তানের সাথে কথা বলেন।
What's Your Reaction?