সৈয়দপুরে ২৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ শুরু

Mar 5, 2026 - 19:25
 0
সৈয়দপুরে ২৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ শুরু

 নীলফামারী জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়ক কর্মসূচির আওতায় সৈয়দপুরে ২৪ হাজার ৯৪৯ পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওইসব চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতিহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, কামরুল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষক আবু তাহের, মোকসেদ আলী,সুজন শাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতিহা তাকলিমার সাথে।

তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহায়ক কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে সৈয়দপুর পৌর এলাকায় এ কর্মসূচি শুরু হলো। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে চাল বিতরণ  করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি জানান, সরকারের দেওয়া এসব চাল কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের জন্য বলা হয়েছে। 


সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, পৌর এলাকাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ২৪ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ২৪৯ মেট্রিক টন ৪৯০ কেজি চাল পাবে কার্ডধারী অসহায় ও দূস্থ পরিবার। বরাদ্দ হওয়া এসব চাল ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়নগুলোতে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার অসহায় মানুষজনের মাঝে চাল বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। ২/১ দিনের মধ্যে ইউনিয়নগুলোতেও কার্ডধারীদের মাঝে ওইসব চাল দেওয়া হবে।

এরমধ্যে সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ টি কার্ডের বিপরীতে ৪৬ টন ২৫০ কেজি , এবং ৫ টি ইউনিয়নে ২০৩ টন ৯০ কেজি চাল বরাদ্দ মেলে। এর মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৩ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ৩৯ টন ৪৯০ কেজি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪ হাজার ৪৪১ টি কার্ডের বিপরীতে ৪৪ টন ৪১০ কেজি, বাঙালীপুর ইউনিয়নে ৩ হাজার ১৫০ টি কার্ডের বিপরীতে ৩১ টন ৫০০ কেজি , বোতলাগাড়ি ইউনিয়নে ৫ হাজার ৬৭৬ টি কার্ডের বিপরীতে ৫৬ টন ৭৬০ কেজি এবং খাতামধুপুর ইউনিয়নে  ৩ হাজার ১০৮ টি কার্ডের বিপরীতে ৩১ টন ৮০ কেজি চাল দেওয়া হয়েছে।

 জানতে চাইলে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ বলেন, হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য প্রতি বছরের মতো এবারও সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। সুষ্ঠুভাবে কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য বরাবরের মতো এবারও ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে এসব চাল বিতরণ শেষ হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow