সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মমেজা বেগম (৬৩) নামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাত নয়টার দিকে শহরের গোলাহাট বধ্যভূমি সংলগ্ন রেললাইনে ওই দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, ঘটনার ওইদিন রাত নয়টার দিকে সৈয়দপুর - চিলাহাটি রেললাইনের উল্লিখিত এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে রংপুর থেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সদস্যরা এসে নিহতের আঙুলের ছাপ নিয়ে তাঁর নাম পরিচয় শনাক্ত করেন। তাঁর নাম মমেজা বেগম (৬৩)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মহদিপুর পলিপাড়ার মো. ইদ্রিস আলীর স্ত্রী। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ বৃদ্ধার মরদেহ তার স্বামী ইদ্রিস আলীর কাছে হস্তান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক কন্যা সন্তানের জননী মমেজা বেগম কয়েক বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি।
এলাকার একটি সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মমেজা বেগম ওই দিন সন্ধ্যার পর থেকে সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমি সংলগ্ন রেললাইনের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন নবী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
What's Your Reaction?