কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অন্তর্ভুক্তকরণে অ্যাডভোকেসি সভা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অনুর্ভুক্তকরণ ও নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা আভাস, নারী উন্নয়ন সংগঠন বিন্দু, স্ট্রিট চাইল্ড ও কোস্ট ফাউন্ডেশন যৌথভাবে সুশীলন’র হলরুমে এ সভার আয়োজন করা হয়।
কেয়ার ফর উইম্যান (ক্লাইমেট এ্যাডাপ্টেশন এন্ড রেজিলেন্স ইমপাওয়ারমেন্ট) প্রজেক্টের এ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মোঃ এনামুল হক।
অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দীন। তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এর সাথে বেসরকারি সংস্থা ভূমিকা পালন করলে আরও দ্রুত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষিতে নারীদের অনেক ভূমিকা রয়েছে। তারা সম্মুখসারিতে থেকে কাজ করছে। কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে নারীরা তাদের পরিবারের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, এর পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।
অ্যাডভোকেসি এন্ড লিয়াজো কো-অর্ডিনেটর মোঃ ইউনুছের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, তারালী ইউপির প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য আকলিমা পারভীন মিতা প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক মোঃ শের আলী, সদস্য শেখ শরিফুল ইসলাম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের মোঃ শাহিনুল ইসলাম, জাকিয়া রাজিয়া, কৃষাণী সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করে দেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন, প্রান্তিক নারী কৃষকদের সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। অ্যাডভোকেসি সভায় উপস্থিত নারী কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দ সহজ শর্তে জামানতবিহীন কৃষিঋণ, কৃষিবীমা চালু, স্থানীয় পর্যায়ে মাটির লবনাক্ততা পরীক্ষা করা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, নারীবান্ধব কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ, নারী কৃষক সংগঠনগুলোক সমবায় রেজিস্ট্রেশন প্রদানসহ বিভিন্ন দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করেন।
What's Your Reaction?