কালিগঞ্জে সড়ক ও জনপথের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক!
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ছে। সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে এই অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ নিয়ে সরকারের আইন ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্নসহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাস্তার পাশ দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ ও দখল করছে ওই চক্রটি।।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর মদদে নলতা হাসপাতালের উত্তর ও পশ্চিম দিক জুড়ে নলতা গ্রামের সুবল কর্মকারের ছেলে বিকাশ, বিধান, রাহুল মৃত কানাই কর্মকারের ছেলে বিশ্বনাথ, মৃত পঞ্চাননের ছেলে শংকর, দীপঙ্কর, মৃত রবীন্দ্র কর্মকারের ছেলে মিথুনসহ অনেককে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় দোকানঘর তৈরীর কাজ করতে দেখা যায়।
বিষয়টি নজরে আসায় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী- ২ এর চলতি দায়িত্বে মতিয়ার রহমান গত ২০/৪/২৬ ইং তারিখে ৩৫.০১.৮৭৮২.৮৩৮১৮.০০১.২৬-৩৯৭ নং স্মারকে উল্লিখিত ব্যক্তিদের ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করেছেন।
সেখানে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা হতে ভেটখালী মহাসড়কের ২৩ কিলোমিটারে কালিগঞ্জ উপজেলাধীন নলতা কাঁচাবাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে অবৈধভাবে পুনারায় নির্মাণ কাজ শুরু করেছেন। যা বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও বিল্ডিং (দখল উদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ ধারার পরিপন্থী। এছাড়াও মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অমান্য করলে অনূর্ধ্ব ২ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ডসহ ৫০ হাজার টাকা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তবে ঘুরে দেখা গেছে সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য উভয়পার্শ্ব থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুদিন যেতে না যেতেই পুনরায় শ্যামনগর , কালিগঞ্জ , দেবহাটা এলাকা জুড়ে রাস্তার দুই পাশে পুনরায় অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে।
What's Your Reaction?