সৈয়দপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ওই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে নয়টি ইভেন্টে ১শ’ ১১ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
এ সময় সৈয়দপুর উপজেলা আইসিটি অফিসার মো. আফিজার রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নয়টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নজরুলের ইসলামিক সঙ্গীত/গজল/হামদ ও নাত, নৃত্য, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
What's Your Reaction?